বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৬ সেপ্টেম্বার ২০২৬ ১০:২৬ পি.এম
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
জামালপুরে চোরাই মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—জামালপুর সদর উপজেলার বগাবাইদ বোর্ডঘর এলাকার নিরব হোসেন (২৬), কটারবাড়ী এলাকার মাহফুজ আহম্মেদ (৩০) এবং মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকার মো. বরকতউল্লাহ ওরফে সবুজ মুন্সী (২৮)।
পুলিশ সূত্র জানায়, ডিবি-১-এর একটি বিশেষ দল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে নিরব হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রাত ৮টার দিকে ভারুয়াখালী বাজারের একটি মুদি দোকান থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাহফুজের কাছ থেকে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি নম্বরবিহীন লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে নিরব হোসেনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বরকতউল্লাহ ওরফে সবুজ মুন্সীকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের একটি নম্বরবিহীন নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা মোটরসাইকেল দুটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো চক্রটিকে চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, চোরাই যানবাহন উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে চোরাই মোটরসাইকেল বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।